টাঙ্গাইলের ভূঞাপুরে বখাটেপনার প্রতিবাদ করায় সিরাজকান্দী দাখিল মাদরাসার সহকারী মৌলভী নজরুল ইসলামকে পিটিয়ে আহত করেছে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন বখাটে। গত সোমবার এ ঘটনা ঘটে। আহত শিক্ষক ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত রোববার মাদরাসায় মেয়েদের কমনরুমের কাছে টয়লেটের ওপর দিয়ে উঁকি মারছিল জাহিদ ও সাগর নামে দুই বখাটে। শিক্ষকরা এ ঘটনা জানতে পেরে সেখানে গেলে সাগর পালিয়ে যায় এবং জাহিদকে ধরে অফিস কক্ষে নিয়ে যান শিক্ষকরা। পরে সুজন নামে তার এক বড় ভাই জাহিদকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনার জের ধরে শিক্ষক নজরুল সোমবার মাদরাসা থেকে নামাজ পড়তে যাওয়ার সময় জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ ও স্বপনসহ ১০-১২ জন তাকে লোহার রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, এটি একটি ফৌজদারি অপরাধ। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।