দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ (২৬) ও তাজিন আহম্মেদ (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী যুবক খালিদ হাসান (২০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক জব্দসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় এমপি মার্কেটের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
নিহত মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ উপজেলার বেতদীঘি ইউনিয়নের ফরিদাবাদ কাঁসাপুকুর গ্রামের মো: ওয়েজ উদ্দিনের ছেলে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন এবং তাজিন আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের মো: বুলবুল আহম্মেদের ছেলে, তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
খালিদ হাসান উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মো: অহিদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ফুলবাড়ী পৌর শহরের রেলক্রসিং সংলগ্ন হোটেলে খাবার খেয়ে ওই তিনজন যুবক মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় ফুলবাড়ী পৌর শহরের এমপি মার্কেটের সামনে দিনাজপুর থেকে আসা চালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দু’জন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পুলিশ ট্রাকচালক জানে আলম ও হেলপার সবুজকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





