চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির ভেতর খাদের পানিতে ডুবে মিনহাজ (৩) ও হামজালা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মিনহাজ গ্রামের মিজান মৃধার ছেলে ও হামজালা মুক্তার মিজির ছেলে।
এলাকার প্রতিবেশী আল আমিন জানান, মিনহাজ ও হামজালা খেলছিল। তাদের মায়েরা নিজ নিজ ঘরে রান্নায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু দু’টি পাশে খাদের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পানি থেকে তুলে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক অনিমেষ চক্রবর্তী।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন মিয়া অবগত নন বলে জানান। তবে তিনি বিষয়টি খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছেন বলেও জানান।





