জামালপুরের দেওয়ানগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেওয়ানগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ বাজারের ব্যবসায়ী রেজাউল করিম রঞ্জু ও মামুনুর রশিদ জানান, গভীর রাতে দেওয়ানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড ঘটার পর বাজারের নৈশপ্রহরীদের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখতে পাই, আমাদের দোকান ও মালামাল পুড়ে গেছে।

তারা জানান, এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দেওয়ানগঞ্জ বাজারের মঞ্জু মেশিনারিজ, শরীফ টেলিকম, শরীফ হোটেল, মামুন টেইলার্স, বিসমিল্লাহ গার্মেন্টস ও ভাই ভাই গার্মেন্টস পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেওয়ানগঞ্জ সিভিল ডিফেন্সের অফিসার কামরুজ্জামান জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেওয়ানগঞ্জ, সানন্দবাড়ী ও ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো‏হাম্মদ মহব্বত কবীরের নেতৃত্বে একদল পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতি, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী ও কর্মচারী সংগঠনের লোকজনসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় খুব কম সময়ে আগুন নেভানো সম্ভব হয়।