বিএনপিকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপনারা রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু যদি আবার ১৫ আগস্ট করবেন- এইসব কথা বলেন, তাহলে আইনের মাধ্যমে আপনাদের ষড়যন্ত্রের দাঁত ভেঙে দেয়া হবে। আইনের মাধ্যমে যে শাস্তি দেয়া উচিত, সেই শাস্তি দেব। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষা করে সব রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না।'

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি. আলী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রথম ষড়যন্ত্র করেছে বিশ্ব ব্যাংকের অর্থ দেয়া নিয়ে। ড. ইউনুস ও ড. কামাল হোসেন মিলে ষড়যন্ত্র করেছেন, যেন বিশ্ব ব্যাংক টাকা দেয়া বন্ধ করে দেয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের টাকায়-ই ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু করব। দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি বলেন, এই বাংলাদেশ আর ৭৫-এ ফিরে যাবে না। আর ১৫ আগস্ট ঘটতে দেয়া হবে না। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেয়া হবে।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হককে সভাপতি ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।