দুর্নীতি, দলীয় কোন্দলসহ নানা অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম খানকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শনিবার চাঁদপুর জেলা সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, শনিবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে পরামর্শক্রমে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম খানকে বহিষ্কার করার সর্বসম্মত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, সেলিম খানের দুর্নীতি, দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাসহ বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের কারণে দলের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, মঞ্জুর আহমেদসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।





