নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের সুন্দলপুর গ্যাসফিল্ড লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিত কুমার বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার রাতে সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হামলার শিকার হন তিনি।
জানা গেছে, পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সুন্দলপুর গ্যাস ফিল্ডের ২ নম্বর গ্যাস ফিল্ড পরিদর্শনে যান উপব্যবস্থাপক বিশ্বজিত। পরিদর্শন শেষে সেখান থেকে আবাসনে ফেরার সময় মাঝ পথে দুষ্কৃতিকারীরা তার গাড়ি আটকিয়ে তাকে লাঠি হাতে মারধর করে। একপর্যায়ে তার চিৎকার কথা শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





