ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক শিশুকে (৮) পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন কিশোরের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর মা।

রোববার সকালে দুই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

এর আগে শনিবার দুপুরে উপজেলার তারুয়া ইউনিয়নের উত্তর তারুয়া গ্রামের মহরম আলীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযুক্ত তিন কিশোর একই এলাকার মাতু মিয়ার ছেলে আরমান মিয়া (১২), রমজান মিয়ার ছেলে শাওন মিয়া (১৪) ও ফজল হক মিয়ার ছেলে সিয়াম (১৬)।

ভুক্তভোগী শিশু ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

শিশুটির বাবা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করে বাড়িতে ফিরছিল আমার মেয়ে। এ সময় শাওন মেয়েকে জোর করে মহরম মিয়ার একটি ঘরে নিয়ে যায়। সেখানে সিয়াম, আরমান ও শাওন মিলে পালাক্রমে মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশী পারভিন আমার স্ত্রীকে ডেকে নিয়ে মহরম আলীর ঘরে গিয়ে মেয়েকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। এ সময় জানালা দিয়ে সিয়াম, আরমান ও শাওন পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাটি সিয়াম, আরমান ও শাওনের পরিবার জানতে পেরে আমাদের থানায় আসতে বাধা দেন। মামলা করলে এর পরিণতি খুব খারাপ হবে বলেও তারা হুমকি দেন। আশপাশের লোকজনকে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে রাতে আমরা থানায় এসে অভিযোগ করি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, ভিকটিমের পরিবার থেকে অভিযোগ পেয়েছি। রাতে অভিযান পরিচালনা করে আরমান ও শাওনকে তারুয়া গ্রাম থেকে আটক করা হয়। তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।