পাবনার সাঁথিয়ায় সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদের চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় চেয়ারম্যানের আপন ভাই আহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের ছোট পুটিপাড়া গ্রামে গত শনিবার রাত ৯টায়। এ ঘটনায় পুটিপাড়া গ্রামের আবু সাইদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ গ্রুপের সাথে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত সাবেক চেয়ারম্যানের চাচাতো ভাই আবদুল মতিন (৫৫) ও আপন ভাই জুয়েল রানার (৩৫) ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা মতিনকে কুপিয়ে হত্যা করে। আহত জুয়েল রানা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে। নিহত মতিন উপজেলার ছোট পুটিপাড়া গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন জুয়েল রানা জানান, শনিবার সন্ধ্যায় মতিন ও তিনি পৌরসভার ফেঁচুয়ান গ্রামে দাওয়াত খেতে যান। বাড়ি ফেরার পথে ছোট পুটিপাড়া নদীর ডাইকে এলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় চাচাতো ভাই মতিন তাকে বাঁচাতে এলে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। তিনি আত্মরক্ষায় দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান বাদি হয়ে ১৮ জন নামীয় ও অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ দিকে হত্যার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। লুটপাট ও হামলার আশঙ্কায় গ্রামটির মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ। আমি এ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সাঁথিয়ায় সাবেক চেয়ারম্যানের ভাইকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদের চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় চেয়ারম্যানের আপন ভাই আহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সদরের ছোট...





