ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা গম থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। জানা গেছে, মে মাসের মাঝামাঝি সময়ে প্রায় ২০০ টন গম ভারত থেকে এনে আখাউড়া স্থলবন্দরের গুদামে রাখা হয়। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে পচা গমগুলো আলাদা করে ভালো গম বস্তায় ভরে বন্দর থেকে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান।

বুধবার সকালে বন্দরে গিয়ে দেখা যায়, গুদামে অনেকগুলো পচা দুর্গন্ধ যুক্ত গম আলাদা করে রাখা হয়েছে। গমে কালো দাগ পড়ে গেছে। কিছু কিছু গমে সাদা আবরণ পড়েছে। দুর্গন্ধে গুদামে দাঁড়ানো যাচ্ছে না।

ভারত থেকে পচা গম এসেছে- এমন কথা নাকচ করে দিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাংলাদেশে আসার পর ভিজে এসব গম পচে গেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকেই পচা গম এসেছে। এখানে এসে নষ্ট হয়নি।

বুধবার সকালে গমের আমদানিকারক গ্রুপের প্রতিনিধি মো: জিহাদ জানান, আখাউড়া স্থলবন্দরে আমদানি করা দু শ’ মেট্রিক টনের ওপর গম রয়েছে, যা মে মাসের ১৫/১৬ তারিখে বাংলাদেশে প্রবেশ করে। তিনি বলেন, বৃষ্টির পানি পড়ে গম নষ্ট হয়ে গেছে। ২০ টনের মতো গম নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। নষ্ট গমগুলো ফিড কোম্পানির কাছে বিক্রি করা হবে। বাছাই করে ভালো গম আলাদা করে বস্তায় ভরে কোম্পানিতে নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সাথে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে গম আনা যাচ্ছে না। ভারতেও বৃষ্টিতে ভিজে গম নষ্ট হয়ে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হয়তো ভালো গমের সাথে কিছু খারাপ গম এসেছে।

স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো: জাকির হোসেন বলেন, আখাউড়া স্থলবন্দরে আসার পর গম বৃষ্টিতে ভেজেনি। আনার আগেই হয়তো বৃষ্টিতে ভিজেছে।