ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরর উপজেলার গোকর্ণ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক মোল্লা (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ওই ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক মোল্লা একই গ্রামের মোল্লাবাড়ির মৃত জনাব আলীর ছেলে। নুরপুর সড়ক বাজারে তার একটি দোকান ছিলো। তিনি ভাগিনার সাথে ডিশ ব্যবসায় জড়িত ছিলেন। এর আগে তিনি মালদ্বীপ প্রবাসী ছিলেন।
গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মো: এম এ কাশেম জানান, বুধবার দুপুরে নিহত রফিক মোল্লা ডিশ লাইন মেরামত করতে গিয়ে তার গুছিয়ে নেয়ার সময় বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুল্লাহ সরকার। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





