কুষ্টিয়াতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শাহেদ আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ আলী জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে শাহেদ আলী একটি মুরগিরবোঝাই ভ্যান নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। পথে বটতৈল নামক স্থানে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে শাহেদ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ।

ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই ঝরছে তাজা তাজা প্রাণ। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনা অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।