নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম রাজু মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় একটি স্কুলের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
রাজু বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী মন্ডলের ছেলে।
বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ইউপি সদস্য আবেদ আলী জানান, সকালে রাজু মিয়া বাড়ির পাশে মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পেছনে তাদের বিদ্যুৎচালিত সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ খুলতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে তারের সাথে ঝুলে থাকে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বেরিয়ে তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাজুর মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) তানবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





