দিনাজপুরের বিরামপুরে কুকুরকে বাঁচাতে গিয়ে কদর আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই অটোরিকশার যাত্রী কদর আলী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবাবগঞ্জ-বিরামপুর আঞ্চলিক সড়কের কুচিয়ামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কদর আলী পাশের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের শুভ মিয়ার ছেলে।

আহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও তার ছেলে সাগর ইসলাম (১২)।

বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক জানান, নবাবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বিরামপুরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার কুচিয়া মোড়ে কুকুরকে সাইড দিতে গিয়ে সিএনজিটি গাছের সাথে ধাক্কা দেয়।

তিনি বলেন, এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন অবস্থার অবনতি হলে কদর আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কদর আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।