পদ্মা পারাপারে মুন্সীগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুরের মাঝি কান্দি রুটে চলন্ত এক ফেরিতে আগুন লেগেছে। গতকাল শনিবার ভোর সোয়া ৫টায় বেগম রোকেয়া ফেরিটি পদ্মার মাঝি কান্দি চ্যানেলে প্রবেশের পরপরই আগুন দেখা যায়। আগুনে ফেরির একটি কেবিন ও কেবিনের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোর পৌনে ৫টায় ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে মাঝির ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।
জানা গেছে, আগুন দেখার সাথে সাথেই ফেরির পাম্প ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এ সময় আতঙ্কে যাত্রীরা ভীত হয়ে পড়ে। দ্রুতগতিতে ফেরিটি চালিয়ে মাঝির ঘাটে নিতে সক্ষম হন চালক। ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানান, ক্যান্টিনের পাশের কেবিনে আগুন লাগে। এতে কেবিনের বিছানা, সিলিং, দরজা ও বাইরের সিলিং পুড়ে গেছে। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না।