সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত বজলুর রহমান সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে এবং আব্দুস সালাম পলাশপোল এবি খান পেট্রল পাম্প এলাকার মৃত মঈন ড্রাইভারের ছেলে। আহত হাফিজুর রহমান নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে। তারা তিনজনই ব্যবসায়ী ও বন্ধু ছিলেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এসে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে বজলুর রহমান মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সালাম। হাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।