চাঁদপুরে পিকআপভ্যানের সাথে বাসের সংঘর্ষে আল-আমিন হোসেন বাবু (২৭) নামের এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক বাবু হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাঘর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার দোকানের পাশে নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে কুমিল্লাগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে চাঁদপুরগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশিদ।