মহানবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কওমি ওলামা পরিষদ, জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতা গতকাল দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সম্মেলনের আয়োজন করে।
সকালেই টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদি জনতা মিছিল সহকারে পৌর উদ্যানে এসে হাজির হন। স্বতঃস্ফূর্তভাবে বিপুলসংখ্যক লোক অংশ নেন এই প্রতিবাদ কর্মসূতিতে। এতে সভাপতিত্ব করেন জেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল আজিজ। টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর সম্মেলনে এসে এই প্রতিবাদ কর্মসূচির সাথে একমত পোষণ করে বক্তৃতা করেন। মহানবী সা:-কে নিয়ে কটূক্তির ঘটনায় টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর নিন্দা প্রস্তাব পাঠানো হবে বলে জানান মেয়র।
সম্মেলনে বক্তব্য রাখেনÑ মাওলানা আবদুল বাসেত খান, জেলা কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শামসুল হক কাসেমী, মুফতি আবদুর রহিম, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, মুফতি ইলিয়াস হাকীম, মুফতি মাহমুদুল হক, হাফেজ মাওলানা নূর মুহাম্মদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবদুল হাকীম নেজামী, মুফতি আবদুল্লাহ আল মামুন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মুফতি এরশাদুল ইসলাম আলমগীর প্রমুখ।