দিনাজপুরে ফসলের জমি থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলাকাটা লাশ পাওয়া গেছে। সোমবার সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের জামালপুর বোর্ডেরহাট এলাকায় এক ধানের জমিতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে প্রথমে কোতোয়ালী থানা পুলিশ এবং পরে সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান। তবে সোমবার পর্যন্ত লাশটি উদ্ধার করা হয়নি।
কোতোয়ালী থানার এসআই নুর আলম বলেন, সোমবার সকালে জমিতে হালচাষ করতে গিয়ে লাশটি দেখতে পান এক কৃষক। পরে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত যুবকের শরীরে কালো রঙের ফুল প্যান্ট ও কালো-লাল প্রিন্টের হাফ শাট ছিল। নিহতের গলার ডান পাশে ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দু-তিন দিন আগে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশটি কেউ দেখতে না পাওয়ায় ইতোমধ্যে তাতে পচন ধরেছে। তিনি আরো জানান, ঠাকুরগাঁও থেকে সিআইডির ক্রাইমসিনের গাড়ি আসছে। তারা আসলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হবে।





