টাঙ্গাইলের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম শিহাব মিয়া (১২)।

সোমবার সন্ধ্যার দিকে শহরের বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবন থেকে তার লাশ উদ্ধার করে শিক্ষকরাই হাসপাতালে নিয়ে যান।

সে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।

শিক্ষকদের দাবি, শিহাব আত্মহত্যা করেছে। তবে শিক্ষকদের এ দাবি নাকচ করে দিয়েছে শিহাবের পরিবার। পরিবারের অভিযোগ, এই ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।

শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার বলেন, চার মাস আগে শিহাবকে সৃষ্টি স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। সে ভালোভাবেই পড়াশোনা করছিল। হঠাৎ সৃষ্টি স্কুল থেকে ফোন দিয়ে জানায় শিহাব অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন। তখন শিহাবের কী হয়েছে জিজ্ঞেস করলে স্কুল কর্তৃপক্ষ জানায়, সে সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে। আবার ফোন করে বলে সে মাথা ঘুরে পড়ে গেছে। আমরা দ্রুত সৃষ্টি স্কুল ভবনের কাছে গেলে আমাদের ভিতরে ঢুকতে না দিয়ে তারা বলে হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে গিয়ে দেখি শিহাব মারা গেছে।

স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, শিহাব বাথরুমের ঝর্ণার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। স্কুলের আবাসিকের বাথরুমে ঝুলন্ত অবস্থায় শিহাবকে দেখার পর সেখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। শিহাবের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলার নিচে একটু দাগ আছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুয়ায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।