ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের পাহাড়ি ঢল থেকে ফেনী জেলার ফুলগাজী উপজেলাসহ অন্য উপজেলাগুলোকে সম্ভাব্য বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে সোনাগাজীতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরী সেচ প্রকল্পের রেগুলেটরের ৪০টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার মুহুরী নদীর ১২২ কিলোমিটার বাঁধের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ফুলগাজীতে পানি ঢুকে যাওয়ায় বন্যার আশঙ্কায় এ সিদ্বান্ত নেয়া হয় বলে পাউবো কতৃপর্ক্ষ জানায়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টায় পাহাড়ি ঢলে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর অংশে বেড়ি বাঁধ ভেঙে যায়। এতে ওই ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়।

এর আগে সোমবার সকালে বাঁধ ভেঙে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হওয়ায় ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া, দাগনভুঞা ও সোনাগাজী এলাকা মাতা মুহুরী, ছোট ফেনী নদী ও বড় ফেনী নদীর সংযোগ থাকায় এ সমস্ত এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা করায় সোনাগাজী মুহুরী সেচ প্রকল্পের ৪০ গেইট খুলে দিয়ে পানির অতিরিক্ত চাপ সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই পানি ফেনী নদী হয়ে উত্তর বঙ্গোপসাগরে চলে যাবে।

ফেনী পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী নুরনবী বলেন, ফুলগাজী উপজেলা যাতে বন্যার কবলে না পড়ে সেই বিবেচনায় অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের সব গেট খুলে দেয়া হয়েছে। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানি প্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার। বর্তমানে সেই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে।

তিনি আরো জানান, পানির প্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে বন্যার আশঙ্কা রয়েছে।