বগুড়ার শাজাহানপুরে নওফেল (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নওফেল উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা হাটপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে এবং দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নওফেলের পরিবার জানায়, সোমবার রাতে বিদেশী ঘাসের জমির ভেতরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর আগে শনিবার নওফেলকে ফোন করে ডেকে নেয় তার পরিচিত কয়েকজন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শাজাহানপুর থানায় জিডি করা হয়।
এলাকাবাসী জানায়, নওফেল সাধারণ একটা ছেলে ছিল। কারো সাথে বিরোধ ছিল না তার। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।





