গত কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির কাছে যমুনা ও বাঙ্গালী নদীতে পানি এখনো বেড়েই চলেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়ে মঙ্গলবার বিকেল ৩টায় বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং বাঙ্গালী নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা প্রকল্প অফিস জানায়, বন্যায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৭টি গ্রামের ৫৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কৃষি অফিস জানায়, দু‘ হাজার হেক্টর জমির পাট, চার শ‘ ৫০ হেক্টর জমির আউশ, ১৫ হেক্টর সবজি, চার হেক্টর জমির ভুট্টা পানিতে তলিয়ে গেছে। ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে।
মঙ্গলবার বগুড়া জেলা প্রসাশক জিয়াউল হক বন্যাকবলিত কামালপুর ইউনিয়নের চরবাটিয়াও কড়িতলা এলাকায় শুকনো খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্ডল, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কবির, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান প্রমুখ।





