পদ্মায় তীব্র স্রোত ও ঘূর্ণিপাকের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল হোসেন জানান, দিনভর নৌরুটে মোট পাঁচটি ফেরি চলছে। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ও পানির ঘূর্ণি দেখা দেয়। এজন্য নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে। এ বিষয়ে মাইকিং করে ঘাটে উপস্থিত সবাইকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, যানবাহন পারাপারে বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। মাইকিংয়ের পর ব্যক্তিগত যানবাহন, জরুরি ও অ্যাম্বুলেন্স ঘাট ত্যাগ করেছে। তবে কিছু পণ্যবাহী গাড়ি সকালে পারের অপেক্ষায় রয়েছে।
এ নিয়ে তৃতীয় দিনের মতো নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হলো।





