গোপালগঞ্জ পৌর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরাজিত প্রার্থী আহসান হাবিব মিলন।
অভিযোগকারীরা বলেন, গত ৫ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী, কাঠি, কাজুলিয়া, করপাড়া, বৌলতলী, সাহাপুর, উলপুর, নিজড়া, উরফি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়নগুলোর প্রায় আড়াই শ’ মানুষ ইউপি নির্বাচনে নিজ নিজ এলাকায় ভোট দেন। অথচ নির্বাচনের ছয় মাস না যেতেই ওই সব ভোটার গোপালগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় ভোটার হয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডে তাদের নিজস্ব কোনো হোল্ডিং অথবা স্থায়ী কোনো সম্পত্তি নেই। পরিকল্পনামাফিক একজন প্রার্থীকে জয়ী করার জন্যই এসব অনিয়ম করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, আমার কাছে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।