দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের বাসিন্দা মৃত নবাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিরামপুর থেকে মোটরসাইকেলযোগে তিনি ফুলবাড়ীতে হালখাতার প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে পৌর শহরের নিমতলা মোড়ে সাইড নিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি।