কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় বাবার রেখে যাওয়া টাকার ভাগ নিয়ে সৃষ্ট পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১টায় দেবিদ্বার উপজেলার পৌর এলাকায়এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
নিহত ব্যক্তি হলেন মৃত আবুল হোসেন ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)। ঘাতক তার আপন বড় ভাই আলমগীর হোসেন (৩০)। স্থানীয় বাসিন্দা মো নবী জানান, দীর্ঘ দিন যাবৎ তাদের বাবার রেখে যাওয়া ব্যবসার পাঁচ লক্ষাধিক টাকা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই নিয়ে পারিবারিক নানা ইস্যুতে ঝগড়া হতো তাদের মধ্যে। বিষয়টি আমরা একাধিকবার সমাধানের চেষ্টা করেছি।
সকালে ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের তার বড় ভাই আলমগীরের স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। দুপুরে বড় ভাই আলমগীর তার ছোট ভাই জাহাঙ্গীরকে বিষয়টি নিয়ে জিজ্ঞেসাবাদ করে। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। পরে বড় ভাই আলমগীর ছুরি দিয়ে ছোট ভাই জাহাঙ্গীরের পেটে আঘাত করে। এ সময় সে বাড়ির অন্যান্য সদস্যকেও আঘাত করতে চেষ্টা করে। একটা সময় অন্যদের আঘাত করতে ব্যর্থ হয়ে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, আসামিকে আটকের জন্য অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।





