র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতুকে ঘিরে আমরা তদারকি করছি। এখানে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তারপরও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। পদ্মা সেতু নিয়ে অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রতিটি জায়গায় নজর রাখছি। এ নিয়ে র‌্যাবের সাইবার ক্রাইম টিম মাঠে কাজ করছে। গত বুধবার দুপুরে পদ্মা সেতুর সমাবেশস্থলের পাশে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
র‌্যাবের মহাপরিচালক বলেন, সেতুর দুই প্রান্তে র‌্যাবের নিরাপত্তা, টোল প্লাজা, ফলক উন্মোচনস্থল ও সমাবেশস্থলে হেলিপ্যাড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইউনিট কাজ করবে। এছাড়া র‌্যাবের এয়ার উইং-এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সেই সাথে নৌপথেও কাজ করবে র‌্যাবের টিম। র‌্যাব সদস্যসহ সমাবেশস্থলে আসা জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা রেখেছি। এর আগে তিনি পদ্মা সেতুর দুই প্রান্ত ঘুরে দেখে সমাবেশস্থলে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংন্সের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।