কুমিল্লার বরুড়ায় আলম হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২ এর বিচারক নাছরিন জাহান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো জেলার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের ফজলুল হক, আবিদ আলী ও আবুল খায়ের।
রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদি মাছুমা বেগম বলেন, আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। অভিযুক্ত সবার মৃত্যুদণ্ড চাই। এ বিষয়ে আমি উচ্চ আদালতে যাবো।
আদালত সূত্রে জানায়, শিয়ালোড়া গ্রামের আবদুল খালেকের ছেলে আলী নেওয়াজ ও আলমের সাথে একই গ্রামের ফজলুল হকের বিরোধ ছিল। এর জেরে ২০০৮ সালের ২০ মার্চ ফজলু, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মোহাম্মদ জসীম, সোহেল মিয়া, সুমন, জয়নব বিবি ও মোহাম্মদ সুমনসহ কয়েকজন তাদের মারধর করে। গুরুতর অবস্থায় আলম ও আলীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা মাছুমা বেগম বাদি হয়ে ওই দিন সন্ধ্যায় বরুড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক সোমবার সকালে ফজলুল হক, আবিদ আলী ও আবুল খায়েরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর পাঁচ আসামিকে আদালত বেকসুর খালাস দেয়া হয়।





