কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বর্তমান আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যারা ক্ষমতায় আছেন তারা বলছেন, আপনারা যমুনা সেতু করেছেন। আপনারা পদ্মা সেতুর অনুষ্ঠান করে উদ্বোধন করলেন। ফোর লেন রাস্তা করেছেন, ব্রিজ করেছেন সব উন্নয়ন আপনারাই করেছেন। আমরা মেনেই নিলাম আপনারাই সব করেছেন। তাহলে একবার ফেয়ার ইলেকশন দিয়ে দেখেন না জনমত আপনাদের পক্ষে আছে কিনা।
গতকাল সোমবার দুপুরে আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কাউন্সিলে তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের কঠিনভাবে প্রতিহত করতে পারবে, যারা এ দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। যারা সন্ত্রীদের রাজপথে থেকে রুখে দাঁড়াতে পারবে এমন নেতৃত্বই আমরা চাই। যারা ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে এমন নেতাই কাউন্সিলের মাধ্যমে আমরা নির্বাচন করব। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম নেতারা।