টাঙ্গাইলে স্কুলছাত্র শিহাব হত্যা মামলায় আবুবক্কর নামে এক আবাসিক শিক্ষককে পাঁচ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে সাত দিনের রিমাণ্ড চেয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
সৃষ্টি স্কুলের পঞ্চম শ্রেণীর আবাসিক ছাত্র শিহাবকে নির্যাতন করে হত্যার অভিযোগে সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় মামলা করেন শিহাবের মা আছমা আক্তার। আগেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা আবুবক্করকে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আবুবক্করকে প্রধান আসামি করা হয়েছে। আবুবক্করসহ ছয়জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। চাঞ্চল্যকর এ হত্যা মামলার অন্য আসামিরা হলেন বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৭/৮ জনকে।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ নয়া দিগন্তকে বলেন, মঙ্গলবার বিকেল ৪টায় গ্রেফতারকৃত আবুবক্করকে আদালতে তোলা হয়। হত্যারহস্য উদঘাটনের জন্য তার সাত দিনের রিমাণ্ড চায় পুলিশ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক শামছুল আলম শুনানি শেষে পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, শিহাব হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার বিকেল পর্যন্ত শুধু আবুবক্করকেই গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে আরো কয়েকজনকে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২০ জুন সন্ধ্যায় শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের বাথরুম থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়। তখন শিক্ষকরা একে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ২৬ জুন ময়নাতদন্তের রিপোর্ট বেরুলে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। রিপোর্টে বলা হয়, শ^াসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।