মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হয়নি। চালকসহ ছয়জনই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। খবর পেয়ে আমরা উদ্ধার কার্যক্রম চালাতে ঘটনাস্থলে রয়েছি। উদ্ধারকাজে নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরাও রয়েছেন। পানির নিচে ট্রলারটির অবস্থান শনাক্তে কাজ চলছে। সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকার দিকে যাচ্ছিল। মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিল।





