নারায়ণগঞ্জে বন্দরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া গৃহবধূর পরকীয়া প্রেমের খবর ফাঁস হওয়ার ঘটনায় লোকলজ্জার ভয়ে দু‘জনই আত্মহত্যা করেছেন।

বুধবার গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকার চাল ব্যবসায়ী এমদাদ মিয়ার বাড়িতে পৃথক আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহনকারীরা হলেন বাড়িওয়ালা প্রেমিক এমদাদ হোসেন ওরফে ইমরান (৪৮) ও ভাড়াটিয়া প্রেমিকা শিল্পী সূত্র ধর ওরফে বৃষ্টি (২৬)।

এমদাদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর মহনপুর এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে ও শিল্পী সূত্র ধর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চন্দ্র সূত্র ধরের স্ত্রী ও দুই সন্তানের জননী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দু’মাস ধরে এমদাদের বাড়িতে ভাড়া থাকেন শিল্পী ও তার স্বামী। এরই মধ্যে শিল্পীর সাথে এমদাদের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া পরকীয়া প্রেমের সম্পর্ক বিষয়টি বেশ কিছু দিন আগে বাড়িওয়ালার স্ত্রীসহ এলাকাবাসী টের পায়। এ নিয়ে বাড়িওয়ালা এমদাদ হোসেন ওরফে ইমরান ও তার স্ত্রী মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার গভীর রাতে লোকলজ্জার ভয়ে দুই সন্তানের জনক বাড়িওয়ালা এমদাদ হোসেন ও পরকীয়া প্রেমিকা শিল্পী সূত্র ধর ওরফে বৃষ্টি বিষপান করে অসুস্থ হয়ে পরে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দু’জনকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, লাশ দু’টি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্মহত্যাকারী এমদাদ হোসেনের স্ত্রী সাহিদা বেগম ও অপর আত্মহত্যাকারী বৃষ্টির স্বামী মানিক চন্দ্র সূত্র ধর বন্দর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা করেছেন।