গাজীপুরে দু’টি পৃথক অগ্নিকাণ্ডে ১৪টি ঝুটের গুদাম মালামালসহ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার মহানগরীর পূবাইলের মাঝুখান ও কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রাপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য ঝুটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ৩টি, গাজীপুর সদর (জয়দেবপুর) স্টেশনের ১টি ও রাজধানীর উত্তরা স্টেশনের ১টিসহ মোট ৫টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ঝুটের ১৩টি গুদাম মালামালসহ পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে একই দিন সকাল সোয়া ৯টার দিকে মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল স্টেশনের মোট ৪টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে দুপুর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের উভয় ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।





