মুন্সীগঞ্জ শহরের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে মো: অবয়ব আহমেদ পূর্ন (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করার চেষ্টা করছেন।

বুধবার বেলা ১২টার দিকে শহরের ল ঘাট এলাকা থেকে অবয়ব নিখোঁজ হন।

অবয়ব ইদ্রাকপুর ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা ও অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি অপূর্ব সুচনার ছেলে। তিনি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিঃ মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এছাড়াও তিনি একজন নাট্যকর্মীও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ পূর্ন ও তার দু’বন্ধু ল ঘাটের পশ্চিমে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিঃ মডেল স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশের ঘাটলা থেকে নদীতে গোসলে নামে। এরপর তারা ভেসে ল ঘাট পর্যন্ত যায়। তারপর থেকে পূর্নকে আর খুঁজে পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন মুন্সীগঞ্জ ফায়র সার্ভিস ওয়ার হাউজ ইন্সপেক্টর কমরেশ।

তিনি জানান, ‘ঘটনার সময় আমাদের একটা ক্যাম্প ল ঘাটে ছিল, তাই সাথে সাথেই কাজ শুরু করতে পেরেছি। আমরা তার সাথের দু’জনকে উদ্ধার করতে পারলেও পূর্ন নামের শিক্ষার্থীকে খুঁজে পাইনি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডুবুরি দলও সাথে সাথেই কাজ শুরু করছে।’

সরেজমিনে দেখা গেল সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মহিউদ্দিন আহম্মেদ ও সদর আসনের এমপি মৃনাল কান্তি দাসসহ বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উদ্ধার অভিযানের খোঁজখবর নিচ্ছেন।