দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির ভেতরে তীব্র গরমে হিটস্ট্রোক করে সিরাজুল ইসলাম নবাব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে খনির ভেতরে হাসপাতালে তার মৃত্যু হয়।

সিরাজুল ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ছিলেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা সিএমসি এক্সএমসির অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেন কয়লাখনির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান।

হিটস্ট্রোকে শ্রমিক সিরাজুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ।

খনি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টার শিফটে সিরাজ দায়িত্ব পালন করেন। ডিউটি শেষে খনির অভ্যন্তরে শ্রমিকদের থাকার জায়গায় তার রুমে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্যান্য সহকর্মীরা তাকে খনির হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।