প্রবীণ আলেমে দ্বীন, বর্ষিয়ান রাজনীতিবিদ ও ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল মজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে মঙ্গলবার সকাল ৯টায় তার শেষ নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর আগে ১৮ জুলাই সোমবার রাত ৮টায় ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শেষ জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা (উত্তর) জামায়াতের আমির প্রিন্সিপাল আনিসুর রহমান, দিনাজপুর জেলা (দক্ষিণ) আমির মো: আনোয়ারুল ইসলাম, নীলফামারী জেলা আমির মো: আব্দুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মো: নজরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, মরহুমের ভাতিজা মোস্তাফা আজাদ প্রমুখ।
জানাজায় অংশ নেন কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, ঠাকুরগাঁও শহর আমির কফিল উদ্দীন, বালিয়াডাঙ্গী উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে কাহারোল ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল্লাহ আল কাফী।
উল্লেখ্য, মাওলানা আব্দুল মজিদ ১৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ৯৪ বছর। তার স্ত্রী, তিন মেয়ে ও ছয় ছেলে রয়েছে।





