যানজটের কবল থেকে নারায়ণগঞ্জের নগরবাসীকে মুক্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক বিভাগ।
পরীক্ষামূলক নারায়ণগঞ্জ শহরে চালু হয়েছে বাস বে। এতে করে যাত্রীরা নির্দিষ্ট স্থানে নিরাপদে উঠা নামা করতে পারবে। পাশাপাশি শহরে কমে যাবে যানজট।
এদিকে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পথচারী ও যাত্রীরা।
চাষাড়া এলাকায় বুধবার সকালে কথা হয় ব্যবসায়ী নুর সোহেলের সাথে। তিনি বলেন, নারায়নগঞ্জ শহরের অন্যতম সমস্যা যানজট। এর থেকে মুক্তি পেতে ট্রাফিক বিভাগের এমন উদ্যোগ ভালোই মনে হচ্ছে।
পারভেজ নামে এক পথচারী জানান, বাস বে চালুর ফলে যানজট কমে যাবে বলে মনে হচ্ছে। তবে সিদ্ধান্তটা ভালো।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশের সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আগে লিংক রোড থেকে বামে মোড় নিয়ে বাসগুলো চাষাড়া গোল চত্বরের ওপরেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যাত্রী উঠা নামা করত, এতে করে দীর্ঘ যানজট তৈরি হতো। এখন বাস বে তে যাত্রী উঠা নামা করবে এবং বাকি রাস্তা নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।





