গাজীপুর মহানগরের টঙ্গীতে ছয় তলার ছাদ থেকে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাবিত ওই বাড়ির কেয়ারটেকার মো: মহিনের ছেলে।
নিহত শিশুর বাবা মো: মহিন জানান, তিনি মোক্তার বাড়ি রোডের সেবা ৫২ নম্বর ছয় তলা বাড়ির কেয়ারটেকার। বাড়ির ছাদের রুমে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বসবাস করেন। বুধবার সকালে তিনি বৃদ্ধা মাকে নিয়ে হাসপাতালে যান। বেলা দেড়টার দিকে তার স্ত্রী শিশু সাবিতকে গোসল করানোর জন্য বাথরুমে নেন। কিন্তু ওই শিশু গোসলের ভয়ে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং ছাদে লোহার রেলিং টপকে নিচে নামার চেষ্টা করে। এ সময় ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি নিছক দুর্ঘটনা বলে মনে হয়েছে।





