গাজীপুরে মোটরসাইকেল কেনার আগে চালিয়ে দেখতে গিয়ে কবরস্থানের সীমানা দেয়ালের সাথে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার মহানগরীর সদর থানাধীন চাপুলিয়া এলাকার চার রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফারুক হোসেন (৫২)। তিনি গাইবান্ধার সাঘাটা থানাধীন চক দাতিয়া এলাকার মৃত ওমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিআইডিসি রোডের নন্দিতা সিনেমা হলের পেছনে তারেকের বাড়ির ভাড়া বাসায় থেকে কাঠের ব্যবসা করতেন ফারুক। তিনি শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কেনার কথা-বার্তা সম্পন্ন করেন। পরে চালিয়ে পরীক্ষা করে দেখার সময় মোটরসাইকেলটির সামনের চাকা পিছলে যায়। এতে চাপুলিয়া চার রাস্তা মোড় এলাকার কবরস্থানের সীমানা দেয়ালের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।