বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে দেশকে অন্ধকার লোডশেডিংয়ের দেশ বানিয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়নের নামে এখন রাত ৮টার পর সারা দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখছে। আগামী এক মাসের মধ্যে তারা প্রিয় বাংলাদেশকে শ্রীলঙ্কা না বানিয়ে ছাড়বে বলে মনে হয় না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলেই সারা দেশে বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। শনিবার জেলা বিএপির অস্থায়ী কার্যালয় আলাইপুরে বড়াইগ্রাম পৌর ও নলডাঙ্গা শহর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, সরকার পতনের সংগ্রাম করতে হবে। সংগ্রামের কোনো বিকল্প নেই। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। বড়াইগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্যসচিব ইসাহাক আলীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ও বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।





