গাজীপুরের শ্রীপুরে নসিমনের চাকায় হাওয়া দেয়ার সময় চাকা ফেটে আফাজ উদ্দিন (৩৫) নামের এক মেকানিক নিহত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

নিহত ওই মেকানিক শ্রীপুর পৌরসভার দক্ষিণ-পূর্ব ভাংনাহাটি এলাকার (পাগলা পাড়ার) মৃত আবুল হাশেমের ছেলে।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শ্রীপুর চৌরাস্তা এলাকায় ভলকানাইজিংয়ের ওয়ার্কশপ রয়েছে আফাজ উদ্দিনের। সেখানে আফাজ উদ্দিন তিনি গাড়ির চাকার টায়ার-টিউব মেরামতের কাজ করতেন। সোমবার রাত ৮টার দিকে তিনি স্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনের (টমটম) চাকার লিক মেরামত শেষে চাকায় হাওয়া দিচ্ছিলেন। অতিরিক্ত হাওয়া দেয়ায় হঠাৎ বিকট শব্দে চাকার টায়ার ও টিউব ফেটে যায়। এতে বিস্ফোরিত চাকার রিং ও কয়েকটি নাট তার মাথা ও কপালে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নজরুল ইসলাম জানান, রাতে আফাজ উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। রাতেই হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।