কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে শামরুক নাহার (২০) নামের এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে।

শামরুক নাহার উজানটিয়া এ এস আলীম মাদরাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্রী ও রুপালী বাজার এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

বুধবার ভোররাতে রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ির একটি কক্ষে ঘরের আঁড়ির সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল শামরুক। তাদের ধারণা রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

নিহতের মা গোলচেহার বেগম জানায়, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ছিল আমার মেয়ে। ভোরে ফজরের নামায আদায় করতে রুমে ডাকতে যাই। কোনো সাড়া শব্দ না পেয়ে বেড়ার ফাঁকে উঁকি দিয়ে দেখি মেয়ে ঘরের আঁড়ির সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।