উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি টানা বৃষ্টির প্রভাবে তৃতীয় দফায় যমুনার পানি আবার বৃদ্ধি পেতে শুরু করছে। তবে এ দফায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড। অপর দিকে ফের পানি বৃদ্ধির ফলে আবার বন্যার আশঙ্কা করছেন যমুনা চরাঞ্চলের মানুষ।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে, সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
গতকাল পানি বৃদ্ধির এ বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে নতুন করে জেলার যমুনা নদীসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে বন্যার আশঙ্কা নেই এবং ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কার্যক্রম চলমান রয়েছে।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের হৃদয় মণ্ডল বলেন, আমাদের গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের চার শতাধিক বসতভিটা ভেঙে গেছে এবারের বন্যায়। মাস খানেক নদীর পানি কমে নদী শুকিয়ে যায় চর জেগে ওঠে। গত দুই-তিন দিন ধরে আবার পানি বৃদ্ধি শুরু হয়েছে। তাই ফের বন্যার আশঙ্কা করছি এবং নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ।