লাকসামে ৩ দিনে ৩ তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোম, মঙ্গল ও বুধবার এই তিন দিনে উপজেলার সিংজোড় পূর্বপাড়া, পৌরসভা এলাকার উত্তর বাজার ও পশ্চিমগাঁও এলাকায় ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন বৈশাখী আক্তার চৈতী (১৪), নাজমা আক্তার প্রিয়াংকা (৩০) ও শারমিন আক্তার (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় পূর্বপাড়ায় (শাহাদাতের বাড়িতে) শারমিন আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। তিনি দিন বেড়ানোর পর বুধবার সকালে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সকাল বেলা ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ। নিহত শারমিন নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর এলাকার শাহ আলম মজুমদারের মেয়ে। তিনি পেরিয়া বালিকা মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। নিহত শারমিনের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার পশ্চিমগাঁও সামনীরপুল এলাকার রহমান ভিলার চতুর্থ তলায় গলায় রশি পেচানো অবস্থায় গৃহবধূ নাজমা আক্তার প্রিয়াংকার লাশ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ। তিনি পৌরসভার বাতাখালী গ্রামের প্রবাসী মাকসুদুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী জানায়, বাতাখালী গ্রামের মাকসুদুর রহমান প্রবাসে থাকাকালে হিন্দু ধর্মাবলম্বী প্রিয়াংকার সাথে মোবাইলে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরে প্রিয়াংকা ইসলাম ধর্ম গ্রহণ করলে পরিববারের অমতে নিজেদের সিদ্ধান্ত মতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে মোহনা (৮) নামে একটি মেয়ে সন্তান রয়েছে। ওইদিন প্রবাস থেকে মাকসুদুর রহমান দেশে আসার কথা ছিল।

এলাকাবাসী আরো জানায়, মাকসুদুর রহমানের দেশে আসার সংবাদ পেয়ে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার ঘটনা সাজানো হতে পারে। লাশের একটি পা খাটের উপর ও অপর পা খাটের নিচে ঝুলে ছিল। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন রয়েছে।

অন্যদিকে, সোমবার লাকসাম পৌরসভার উত্তরবাজার ওয়াপদা অফিস সংলগ্ন নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেচানো অবস্থায় বৈশাখী আক্তার চৈতী নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে রিকশাচালক মানিক মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানায়, থ্রি-পিছ কিনে না দেয়ায় ভাইয়ের সাথে অভিমান করে ওইদিন সন্ধ্যায় চৈতী আত্মহত্যা করে থাকতে পারে।

পর পর তিন দিন তিনটি ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুদ খান জানান, লাশগুলো উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।