নরসিংদীর পলাশে ৯ বছরের এক শিশু নাতনীকে পাশবিক যৌন নির্যাতনের অভিযোগে সোহরাব সিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী শিশুর বাবা।

পুলিশ জানায়, গত ২২ জুলাই শিশুটির নানা সোহরাব সিকদার অসুস্থতার কথা বলে তার বাড়িতে ওই শিশুকে রেখে আসতে বলে। পরে ওই দিন সন্ধ্যায় শিশুকে বাড়িতে একা পেয়ে তার নানা সোহরাব সিকদার হাতে তেল দিয়ে শিশুটির যৌনপথে আঙ্গুল দিয়ে পাশবিক নির্যাতন করে। এক পর্যায়ে ওই শিশু চিৎকার করে নানা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে ওইদিন রাতেই তার বাবার বাড়িতে দিয়ে আসা হয়। এরপর থেকে তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে নানা সোহরাব সিকদারকে গ্রেফতার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, অভিযুক্ত সোহরাব সিকদারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে।