সারাদেশে লোডশেডিং ও জ্বালানিখ্যাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।
রোববার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতৃবৃন্দ জানান, সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত হন। তারা আইনজীবী সমিতির সামনে দিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়। এর ফলে পণ্ড হয়ে যায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ মাঝখানে থেকে উভয় পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





