ফতুল্লায় ভাই হত্যার প্রতিশোধ নিতে চার্জশিটভুক্ত আসামিকে খুনের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টায় ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদরাসার শেষ মাথায় মিয়াপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী হাসান (২৩)। সে স্থানীয় একটি কারখানায় হোসিয়ারি শ্রমিক। ২০২১ সালের ১৭ জুলাই একই এলাকায় সংঘটিত ইমন খুনের চার্জশিটভুক্ত আসামি। গত শনিবার রাতে ইমনের ভাই ওমর ফারুক ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে দলবল নিয়ে মেহদী হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এ ঘটনায় পুলিশ সোহাগ নামের একজনকে গ্রেফতার করেছে। সে স্থানীয় হোসিয়ারি কারখানার শ্রমিক।
মেহেদী হাসান হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী বাদি হয়ে গতকাল রোববার দুপুরে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় ইমনের দুই ভাই ওমর (২৭), সবুজ (৩০) ভাগিনা রাসেল (২১), মাইকেল (২১), সীমান্ত (২২), কসাই শান্ত (২১), জুব্বা (২৩), সঞ্চয় (২১) সহ অজ্ঞাত চার-পাঁচজন।
নিহতের স্বজন ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মেহেদী হাসান হত্যাকাণ্ডে আটজন কিলার হত্যার মিশনে অংশ নেয়। ২০২১ সালের ১৭ জুলাই ডেবিড গ্রুপ ও ওমর ফারুক গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হয় ওমর ফারুকের ভাই ইমন। সে সময় আহত হয় ওমর ফারুক নিজেও। সেই হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিল নিহত মেহেদী হাসান। সেই মামলার চূড়ান্ত প্রতিবেদনেও নিহত মেহেদী হাসানের নাম রয়েছে। ধারণা করা হচ্ছে ইমন হত্যার প্রতিশোধ নিতেই মেহেদীকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক আবু হানিফ জানায়, পূর্বপরিকল্পিতভাবে গত শনিবার রাত ১১টায় নিহত মেহেদী হাসানকে হত্যা করে পালিয়ে যায় ঘাতক চক্র। হত্যাকাণ্ডের মিশনে অংশ নেয়া ঘাতকদের চিহ্নিতসহ গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার নাজমুল হোসেন বলেন, মেহেদি হাসানের বুকেসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মেহেদী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
নিহতের স্বজনেরা তাকে জানিয়েছে ইমন হত্যা মামলায় নিহত মেহেদী হাসান চার্জশিটভুক্ত আসামি। সেই ঘটনার সূত্র ধরেই মেহেদী হাসানকে হত্যা করা হয়েছে।





