বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজে এমবিবিএস নতুন ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ডাক্তারি পোশাক পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের চেয়ারম্যান (রাষ্ট্রপতি পত্নী) রাশিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক প্রফেসর ডা. সুফিয়া খাতুন, মিলাদ খান ও ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম জানান, হাওর জনপদে গণমানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রাখছে। তিনি তার বক্তব্যে এ কলেজের শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হওয়ার সাথে সাথে মানবিক আচরণ ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। এর জন্য পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা বিশেষ করে ইসলামিক জ্ঞান আহরণেরও আহ্বান জানান।
নবীন বরণ অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ
কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নের গতিধারা ভিডিও স্লাইডের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে সভাপতি সকল ডিপার্টমেন্টের শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন।
উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকায় ২০১৩ সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছায় এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। দেশে প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোর মধ্যে এটি এখন অন্যতম। দেশীয় শিক্ষার্থী ছাড়াও বিদেশি শিক্ষার্থীরাও লেখাপড়া
করছে এ কলেজে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এমবিবিএসে এ বছর ৯ম ব্যাচে ৯০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এরমধ্যে বিদেশী শিক্ষার্থী রয়েছে ৩৮ জন।
ভারতের জম্মু-কাশ্মীর থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী সাবাহ অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ একটি ভালো কলেজ জেনেই আমি জম্মু-কাশ্মীর থেকে এসে এ কলেজে ভর্তি হয়েছি। আর শিক্ষা জীবনের শুরুতেই এরকমভাবে আমাদের বরণ করে নেয়ায় আমরা আনন্দিত।





