নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরো চারজনের খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মর্জিনা, জেসমিন, মো: টিটু ও সাহাবুদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, মো: হোসেন সাগর, মো: আসলাম ও মো: শরীফ।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন, মামলায় ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে বুধবার আদালত এ রায় ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর আসামিদের গ্রেফতারের পর মামলা দায়ের করা হয়। বুধবার আদালত সেই মামলায় রায় ঘোষণা করেছেন।





